যশোর শহরের বেজপাড়া মেইন রোডের বুনোপাড়া মোড়সংলগ্ন বারিধারা আবাসিক প্রকল্পে একটি বাসাবাড়ি থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এ চুরির ঘটনা ঘটে। চুরির সময়ের একটি ভিডিও ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান,বেজপাড়া মেইন রোড, জোড়াকুঠি ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়িতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি বারিধারা আবাসিক প্রকল্পের একটি বাসা থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
তাদের অভিযোগ,রাতের বেলায় অপরাধীদের আনাগোনা বেড়ে যাওয়ায় এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে আশপাশের বিভিন্ন বাসাবাড়িতে মাদক ব্যবসা ও মাদকসেবনের অভিযোগও রয়েছে। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ,চুরি,ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড বন্ধে পুলিশের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। রাতের টহল বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বেজপাড়া মেইন রোড, জোড়াকুঠি ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply