প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে যশোরের চৌগাছায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মঞ্চে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
চৌগাছা শিল্প ও সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন কবি শাহিন মাহাবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহমদ আলী সাহিত্য রত্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি এম হাসান মাহমুদ।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে প্রয়াত শিল্পীর স্মৃতিচারণ করেন দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন। এছাড়া স্মৃতিচারণ করেন সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, টিপু সুলতান, নাট্যকার আনিসুর রহমান আনিস, কবি আসাদুজ্জামান বর্ণ চাষী,
সাংবাদিক রেজাউল করিম সাগর, কবি এলা দেওয়ান, কবি ফারুক আহমেদ, কবি আব্দুর রহিম, বাসদের চৌগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, মাস্টার জাহাঙ্গীর আলম, আনন্দ মোহন দেব, আর্টিস্ট আলামিন বাবু, শিল্পী আবেদুর রহমান,
মো. জামারুল ইসলাম, জামিনুর রহমান ও কবিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রয়াত শিল্পীর ছেলে মো. মনিরুজ্জামানও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আছাদুজ্জামান আছাদ ছিলেন চৌগাছার শিল্প-সংস্কৃতি অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ মানুষ। চিত্রশিল্পের প্রতি তাঁর গভীর ভালোবাসা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চৌগাছার মানুষকে সমৃদ্ধ করেছে। তাঁর শিল্পকর্ম ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মৃতিচারণকালে বক্তাদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রয়াত শিল্পীর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরতে গিয়ে কারও কারও কণ্ঠ ভারী হয়ে আসে। এতে শোকসভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা আরও বলেন, শিল্পীর শারীরিক মৃত্যু হলেও তাঁর সৃষ্টিকর্ম ও স্মৃতি মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আছাদুজ্জামান আছাদের শিল্পকর্ম, সাংস্কৃতিক অবদান ও মানুষের প্রতি ভালোবাসা চৌগাছার মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।আছাদ স্মৃতি সংসদ’ গঠনের প্রস্তাব
শোকসভা শেষে প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘আছাদ স্মৃতি সংসদ’ গঠনের প্রস্তাব দেন শোকসভার প্রধান অতিথি শিহাব উদ্দিন।
উপস্থিত সবাই এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, ‘আছাদ স্মৃতি সংসদ’-এর মাধ্যমে প্রয়াত শিল্পীর স্মৃতি সংরক্ষণের পাশাপাশি চৌগাছার শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
শেষে প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর অসমাপ্ত শিল্প-সাংস্কৃতিক পথচলা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা।
‘

Leave a Reply