যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক এবং বিকেলে মনিরামপুরে ইজিবাইক ও টলির সংঘর্ষে এক স্কুল শিক্ষক আহত হন। আহত তিনজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে স্কুল শিক্ষক ওহিদুর জামান (৫০) স্কুল থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।
পথে অজ্ঞাত একটি টলির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এর আগে সকাল ৯টার দিকে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে শাকিব (২২) ও মালঞ্চি গ্রামের সাকিবের ছেলে শাকিল (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত শাকিবের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর পুলিশ মোটরসাইকেল দুটি জব্দ করেছে।

Leave a Reply