যশোরে বৈদ্যুতিক ও এসির তামার কেবল চুরির অভিযোগে জনতার হাতে আটক জিহাদ হোসেন বাবু (২৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবু সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়া এলাকার আরাফাত হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাশিমপুর বাজারের মিলনের চায়ের দোকানের সামনে স্থানীয়রা বাবুকে আটক করে রাখে। খবর পেয়ে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জীবন কুমার দাস তাকে হেফাজতে নেন।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে বাবু বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি বাড়ি থেকে গত ৬ সেপ্টেম্বর রাতে এসির তামার তার ও বৈদ্যুতিক কেবল চুরির কথা স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply