যশোর অফিস :
ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তা সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে ভোক্তা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে যশোর সার্কিট হাউসের হলরুমে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব (পিআরএল) এ. এইচ. এম. সফিকুজ্জামান। উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান খান।
সভায় স্থানীয় পর্যায়ে ভোক্তাদের বিভিন্ন সমস্যা, ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, বাজারে পণ্য ও সেবার মান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে শুধু আইন ও নীতিমালা থাকাই যথেষ্ট নয়; ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম, নাগরিক সমাজ, এনজিও ও ভোক্তা সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সভায় সভাপতিত্ব করেন ক্যাব যশোর জেলা কমিটির সভাপতি মো. আব্দুর রকিব সর্দার অপু। এতে ক্যাবের স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন এনজিও, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply