যশোরের কেশবপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নওশের আলী গাজী (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে উপজেলার ৭ নম্বর পাজিয়া ইউনিয়নের রাজনগর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত নওশের আলী গাজী পাজিয়া পূর্বপাড়া এলাকার মৃত নরিম মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওশের আলী মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত ব্যক্তির একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে করে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় কেশবপুর থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।

Leave a Reply