যশোরের বাঘারপাড়া উপজেলার ৪৬ নম্বর মহিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শরিফ রায়হানের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,
শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান কে এম শরাফত উদ্দীন।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বাড়ির পড়াশোনায় অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম,
দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
এ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।




Leave a Reply