যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘অ্যাডভান্সেস ইন নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি টু ইমপ্রুভ কোয়ালিটি অব লাইফ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ও যবিপ্রবি রিসার্চ সেলের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।সেমিনারে প্রধান বক্তা ছিলেন জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিদেতোশি সিরাকাওয়া।
অতিথি বক্তা ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইউশোকু ওহসাকি। তাঁরা পুষ্টির আণবিক ভিত্তি, রোগ প্রতিরোধ, কিডনির কার্যকারিতা, রক্তচাপ নিয়ন্ত্রণ, মেটাবলিক ডিসঅর্ডার প্রতিরোধ ও আয়ু বৃদ্ধিতে পুষ্টির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, জাপানের গবেষণাব্যবস্থা ও গবেষকদের নিয়মানুবর্তিতা তরুণ গবেষকদের জন্য অনুকরণীয়। আন্তর্জাতিক মানের গবেষণায় শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি যবিপ্রবি ও তোহকু বিশ্ববিদ্যালয়ের যৌথয একাডেমিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সেমিনারে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply