যশোরে পৃথক ঘটনায় ইমন হোসেন (২৪) ও ইয়াসিন (১৬) নামে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিখোঁজের দুই দিন পর যশোর সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়া এলাকার একটি ডোবখানা থেকে ইমন হোসেন (২৪) নামে এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার ইমরান হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর সকালে ইমন বাড়ি থেকে নিখোঁজ হন।
এ ঘটনায় স্বজনরা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের বাগানপাড়া এলাকায় শফির ডোবখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে,যশোরের মনিরামপুরে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার রোহিতা ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত শাহাদতের ছেলে।
জানা গেছে,দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ইয়াসিন গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামার বাড়িতে সবার অগোচরে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে চারটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় আলাদা আলাদা অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply