যশোর শহরের দরাটানা মোড়ের নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি করা হচ্ছে প্যাটিস বিভিন্ন খাবারে নষ্ট ডিম । দোকান থেকে কেনা প্যাটিস খেয়ে এক শিশুর পেটে ব্যথা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। একইসঙ্গে ওই পরিবারের দুই সন্তানই অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে যশোরে ডিবিসি নিউজে কর্মরত সাংবাদকর্মী এম এইচ উজ্জ্বল নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোর থেকে চারটি ডিম প্যাটিস কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যরা প্যাটিস খাওয়া শুরু করলে তার ছোট মেয়ে একটি প্যাটিসে কামড় দেয়।
প্রথম কামড় দেওয়ার পরই প্যাটিস থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। পরে প্যাটিসটি ভেঙে দেখা যায়, ভেতরে থাকা ডিম স্বাভাবিক অবস্থায় নেই; বরং তা বিজল-বিজল ও নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেন এম এইচ উজ্জ্বল।
অভিযোগ অনুযায়ী, প্যাটিসের ওই অংশ খাওয়ার পরই উজ্জ্বলের ছোট মেয়ের পেটে ব্যথা শুরু হয়। পরে তার দুই সন্তানই অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে প্যাটিসগুলো হাতে নিয়ে তিনি দ্রুত ওই দোকানে গিয়ে অভিযোগ করেন।
উজ্জ্বলের দাবি, দোকানে গিয়ে বিষয়টি জানানোর পর কর্মচারীরা প্যাটিসটি নষ্ট হওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে দোকানে দায়িত্বে থাকা একজনকে বিষয়টি দেখানো হলে তিনি ক্যামেরায় ঘটনার ভিডিও ধারণ করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন।
উজ্জ্বলের অভিযোগ, ক্যামেরা চালু করতেই ওই ব্যক্তি উত্তেজিত হয়ে বলেন, এটা ভালো আছে, আপনারা ক্যামেরা তুলেছেন যা মন চায় তাই করুন। এখন বন্ধের সময়, এগুলো নিয়ে চলে যান। এ সময় ক্যামেরায় ধারণ করা নিয়ে তিনি বিভিন্নভাবে অসন্তোষ প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।
এখানেই শেষ নয়। উজ্জ্বল জানান, এর আগেও তিনি একই দোকান থেকে ডিম প্যাটিস কিনে তা ভালো না পাওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। তবে তখন বিষয়টি নিয়ে দোকান কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ করেননি।
একই দোকান থেকে বারবার খাবার কিনে মান নিয়ে অভিযোগ ওঠা এবং এবার একটি শিশুর প্যাটিস খাওয়ার পর পেটে ব্যথা শুরু হওয়ার ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে প্রস্তুত খাবারের মান ও সংরক্ষণ ব্যবস্থা আদৌ কতটা নিরাপদ?
বিক্রির আগে খাবারের মান পরীক্ষা করা হয় কি না, নষ্ট ডিম বা অন্যান্য উপকরণ দিয়ে খাবার তৈরি করা হয়েছে কি না এবং প্রস্তুত খাবার কতক্ষণ ধরে কীভাবে সংরক্ষণ করা হচ্ছে এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।
আরও গুরুতর প্রশ্ন হলো, একজন ক্রেতা খাবার নষ্ট হওয়ার অভিযোগ জানিয়ে প্রতিকার চাইতে গিয়ে যদি উল্টো ক্যামেরা ধারণ করায় দোকানকর্মীর ক্ষোভের মুখে পড়েন, তাহলে সাধারণ ভোক্তারা অভিযোগ জানাতে কতটা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন?
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের দ্রুত তদন্ত করে খাবারের নমুনা পরীক্ষা, সংরক্ষণ ও প্রস্তুত প্রক্রিয়া যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
কারণ, খাবারের নামে মানুষের হাতে যদি নষ্ট বা অনিরাপদ খাদ্য তুলে দেওয়া হয়, সেটি নিছক ব্যবসায়িক অনিয়ম নয় এটি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। বিশেষ করে শিশুদের জন্য বিক্রি করা খাবারের ক্ষেত্রে এমন অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।




Leave a Reply