যশোরে আদালত থেকে ফেরার পথে রিকশার গতিরোধ করে এক নারীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তার স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শংকরপুর বটতলা মসজিদের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। আহত নারী যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় তার স্বামী মো হারুন বিশ্বাস কোতয়ালি মডেল থানায় এজাহার দিয়েছেন। এতে মণিরামপুরের আলামিন (২৩), অভয়নগরের মুস্তাক বিশ্বাস (৩৩) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, আদালতে চলমান একটি মামলা তুলে নিতে চাপ দেওয়ার জেরে আসামিরা ওই নারীর রিকশার গতিরোধ করে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে তার পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যান।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave a Reply