যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ফুডকোর্টের দোকানগুলো থেকে নওয়াপাড়া পৌরসভার ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই ব্যক্তি বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করেন বলে দোকানদাররা অভিযোগ করেছেন। দোকানদারদের ভাষ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে ব্যবসা করে আসছেন।
সোমবার সন্ধ্যায় হঠাৎ দুই ব্যক্তি সেখানে এসে দাবি করেন, তারা ওই স্থান ইজারা নিয়েছেন। এরপর তারা বিভিন্ন দোকান থেকে ১৫, ২০ ও ৩০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ রয়েছে।
একই সঙ্গে আগামীকাল থেকে প্রতিটি দোকান থেকে ৩০ টাকা করে দিতে হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়ে যান বলে জানান ব্যবসায়ীরা।
এ সময় এক দোকানদার ইজারার রশিদ দেখতে চাইলে ওই দুই ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ওই স্থান থেকে চলে যান বলে জানা গেছে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে বিভিন্ন দোকানে গিয়ে টাকা আদায় করতে দেখা গেছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, ওই স্থানটি কোনো ব্যক্তির কাছে ইজারা দেওয়া হয়নি। ফলে পৌরসভার ইজারার নামে টাকা আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ ও সঙ্গীয় ফোর্স বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করেন।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য ব্যবসায়ীদের একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে ব্যবসা করে আসছেন।
আগামী দিনগুলোতে যেন তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন এবং পৌরসভার ইজারাদারের পরিচয় ব্যবহার করে কেউ যেন তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান দুইজন ব্যক্তির মধ্যে একজনের নাম জাহাঙ্গীর, বাড়ি শংকরপাশা তিনি বাজারসহ বিভিন্ন স্থান ইজারা নিয়ে থাকেন।



Leave a Reply