যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মাকে গলা কেটে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক মামুনকে (৪৩) গ্রেপ্তার করেছে পিবিআই।
২৮ আগস্ট শুক্রবার ১৭ ঘন্টার ব্যবধানে সকাল ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন ঝিকরগাছা উপজেলার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি বাজে দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেনের ছেলে।
এ ঘটনার পর পিবিআই’র অপরাধ তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামুনের অবস্থান শনাক্ত করা হয়। পরে পিবিআইয়ের একটি চৌকস দল অভিযান চালিয়ে তেঘরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে এসআই রতন মিয়া ও এসআই মো. বাবুল ইসলামসহ পিবিআইয়ের অন্যান্য চৌকস সদস্যরা অংশ গ্রহণ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা যায় মামুন ৯ বছর আগে যশোর সদর থানার ভেকুটিয়া গ্রামের মিথিলাকে বিবাহ করে। দাম্পত্য কলের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর ঝিকরগাছা থানার অমৃতবাজার গ্রামের রিনাকে বিবাহ করেন।৬ বছর আগে মামুন রিনাকে তালাক প্রদান করেন। মামুন দাম্পত্য কলহের কারণ হিসাবে তার মাকে দায়ী করে।
এরপর মামুন দীর্ঘদিন লাউজানি সাবান ফ্যাক্টরির দ্বিতীয় তলায় বসবাস করতে থাকে। বৃহস্পতিবারে মামুন বাড়িতে এসে এ সকল পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয়। তর্কাতর্কির এক পর্যায়ে মামুন উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে তার মাকে গলা কেটে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর মামুন মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান । পিবিআই তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডের ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত মামুনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় অন্য কারোর সম্পৃক্ততা আছে কিনা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) খতিয়ে দেখছে।

Leave a Reply