যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামে সাংবাদিক পরিচয়ে বেকারি মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে প্রিন্স মাহমুদ (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযোগ, প্রিন্স মাহমুদসহ কয়েকজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বেকারি কারখানার বিভিন্ন অনিয়মের ছবি তোলার কথা বলে টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি টিএনওর কাছে পাঠানোর হুমকিও দেওয়া হয়।
পরে বেকারি মালিক রফিকুল ইসলাম পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। একপর্যায়ে চিৎকার শুনে স্থানীয়রা প্রিন্স মাহমুদকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় রফিকুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেছেন।

Leave a Reply