যশোরের মণিরামপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধা এবং সদর উপজেলায় বিষপানে এক কিশোরীর মৃত্যু হয়েছে। পৃথক এসব ঘটনায় থানার পুলিশ অপমৃত্যু মামলা হয়েছে।
মণিরামপুরে লিলিমা হালদার (৬২) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত থেকে বুধবার (২৬ আগস্ট) ভোরের মধ্যে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বিশ্বদেব হালদারের স্ত্রী ও গৃহিণী ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষে রাত সাড়ে ১০টার দিকে নিজ কক্ষে ঘুমাতে যান লিলিমা। পরে পরিবারের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে একটি আমড়া গাছের ডালের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে সুবর্ণা (১৭) নামে এক কিশোরী পারিবারিক কলহের জেরে বিষপানে মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট)
সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। সুবর্ণা কাশিমপুর এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

Leave a Reply