যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ২৭১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১১ টার দিকে চৌগাছা পৌরসভার চৌগাছা-মহেশপুর সড়কের মৃধাপাড়া মহিলা কলেজের সামনে পারবাজার এলাকায় খাইরুল ইসলামের দোকান ও গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসান।
অভিযানে ২৮বস্তা এমওপি,১৪৭ বস্তা টিএসপি,৯ বস্তা ডিএপি এবং ৮৭ বস্তা ইউরিয়াসহ মোট২৭১ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন,সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, সার বিক্রেতা খাইরুল ইসলাম স্থানীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে টিএসপি, ইউরিয়া, এমওপি ও ডিএপি সার সংগ্রহ করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন-২০০৬-এর ১২ ও ১৮ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে এবং বিক্রয় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

Leave a Reply