যশোরের কেশবপুরে পৃথক ঘটনায় এক নারীসহ দুজনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার ভালুকঘর ও থানা মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রথম ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর (গাজীপাড়া) এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
আহত মনোয়ারা বেগম ওই এলাকার আবদুল গনি গাজীর স্ত্রী। অভিযোগ রয়েছে, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলমগীর হোসেন, আলামিন হোসেন, আতাউর রহমান, মতলেব গাজী ও আহম্মদ গাজীসহ কয়েকজন তার ওপর হামলা করেন।
এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
অপর ঘটনায় দুপুর ২টার দিকে কেশবপুর থানা মোড়ের সুমনের চায়ের দোকানের ভেতরে পূর্বশত্রুতার জেরে মুশফিক আজাদ (প্রান্ত) (২৬) নামে এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
মুশফিক আজাদ উপজেলার আলতাপোল এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, জাহিদ, সাইদ ও সোহাগ হোসেন তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
কেশবপুর থানায় পৃথক দুই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাগুলোর পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply