যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় ভাড়াবাসায় ঢুকে আকাশ (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে দরজায় তালা ঝুলতে দেখেন। পরে তালা ভেঙে আকাশকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আকাশের মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অচেতন রয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল আক্তার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত যুবক অচেতন থাকায় হামলার কারণ ও
জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার জ্ঞান ফিরলে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply