যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভায় ফের হামলার অভিযোগ উঠেছে। মেহেদী হাসান জনি ও শফি উদ্দিনের নেতৃত্বে একদল লোক বিদ্যালয়ে প্রবেশ করে সভার রেজুলেশন ছিঁড়ে ফেলেন এবং কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির ওপর হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আতঙ্কে শিক্ষকরা বিদ্যালয় ছেড়ে চলে যান।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভা শেষে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণি বলেন, সভা শেষে মেহেদী হাসান জনি ও শফি উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন বিদ্যালয়ে প্রবেশ করে সভায় হামলা চালান। এ সময় রেজুলেশন ছিঁড়ে ফেলা হয় এবং তাকে পুনরায় সভা ডাকলে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে শার্শা থানায় অভিযোগ করেছেন।
প্রধান শিক্ষক মোমিনুর রহমান অভিযোগ করে বলেন, সভা শেষে কয়েকজন জোরপূর্বক রেজুলেশন ছিঁড়ে ফেলেন। এতে বিদ্যালয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এর আগে গত ১২ আগস্ট যশোর শিক্ষা বোর্ডের অনুমোদনে তানজির ইসলাম খান কণিকে সভাপতি করে বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন করা হয়। ১৮ আগস্ট কমিটির সভা চলাকালে মেহেদী হাসান জনির নেতৃত্বে একদল লোক সভা বন্ধ করে দেয় এবং সভাপতির ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দিনই শার্শা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সভাপতি। হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সভার রেজুলেশন ছিঁড়ে ফেলার বিষয়টি তারা জেনেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, যশোর-২ আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী বলেন, একটি অ্যাডহক কমিটি গঠনের পর সেটি ভেঙে দেওয়ার চেষ্টা অযৌক্তিক। তিনি বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Leave a Reply