যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন স্টোর থেকে উত্তোলনের পর ৫ হাজার পিস কেফুক্লেভ অ্যান্টিবায়োটিকের হিসাব মিলছে না। ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। বিষয়টি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ জুন রোগীদের মধ্যে বিতরণের জন্য ফার্মেসি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট ইনচার্জ জহুরুল ইসলামের স্বাক্ষরে মেডিসিন স্টোর থেকে ৫ হাজার পিস কেফুক্লেভ অ্যান্টিবায়োটিক উত্তোলন করা হয়। তবে এরপর ওষুধগুলো হাসপাতালের মূল ফার্মেসি রেজিস্টারে জমা বা বিতরণের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, প্রায় দুই মাস ধরে হাসপাতালের বহির্বিভাগে কেফুক্লেভ অ্যান্টিবায়োটিকের সরবরাহে সংকট দেখা দেয়। ফলে সরকারি ফার্মেসি থেকে বিনা মূল্যে ওষুধ না পেয়ে অনেক রোগীকে বাইরে থেকে কিনতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সরকারি সরবরাহ না থাকায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরাও রোগীদের ব্যবস্থাপত্রে এ অ্যান্টিবায়োটিক লেখা কমিয়ে দেন বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওষুধের হিসাব না মেলায় বিষয়টি নিয়ে কাগজপত্র যাচাই শুরু হয়। অভিযোগ উঠেছে, হিসাবের গরমিল সমন্বয় করতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ওষুধ সংগ্রহ করে রেজিস্টারে হিসাব মেলানোর চেষ্টা করা হচ্ছে। তবে এ অভিযোগের সত্যতা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মো.হুসাইন শাফায়াত বলেন, ‘ওষুধগুলো আত্মসাৎ করা হয়েছে কি না, এখনই বলা যাচ্ছে না। তবে কাগজপত্রে কিছু অনিয়ম পাওয়া গেছে।
বিষয়টি তদন্তে আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা ও ডা. মো. আহসান কবির বাপ্পিকে নিয়ে দুই সদস্যের কমিটি করা হয়েছে।’
তদন্ত কমিটির সদস্য ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা বলেন, ‘ওষুধ আত্মসাৎ হয়েছে—এ কথা এখনই বলা যাবে না। তদন্ত চলছে। মেডিসিন স্টোরের রেজিস্টার ও মূল ফার্মেসির হিসাবপত্র যাচাই করা হচ্ছে। গরমিল বা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ৫ হাজার পিস অ্যান্টিবায়োটিকের হিসাবের গরমিলের প্রকৃত কারণ জানা যাবে। তদন্তে অনিয়ম বা আত্মসাতের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply