ভারতে যাওয়ার পথে বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রীর ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের নামে শারীরিকভাবে নির্যাতন ও অসদাচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই যাত্রী।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে।অভিযোগকারী মো.জাকির হোসেন (৪১) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের বাসিন্দা। তিনি গার্মেন্টসে চাকরি করেন।
জাকিরের অভিযোগ, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে ‘আইএস’ সন্দেহে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার সঙ্গে অসদাচরণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে তার কাছে থাকা এনআরবিসি ব্যাংকের দুটি ডেবিট/ক্রেডিট কার্ড এবং ডাচ্-বাংলা ব্যাংকের একটি কার্ড জব্দ করা হয় বলে তিনি জানান।
পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তার পাসপোর্টে ভিসা বাতিলের সিল দিয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফিরে তিনি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিষয়টি জানান।
জানা গেছে, জাকির এর আগে চিকিৎসার উদ্দেশ্যে চারবার ভারতে গিয়েছেন এবং কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply