যশোর শহরের পূর্ব বারান্দি পাড়া এলাকায় আল আমিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব বারান্দি পাড়া লিচুতলা এলাকার বাবুর সেগুনবাগানের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন যশোরের পূর্ব বারান্দি মাঠপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে। তিনি শহরের শেখহাটি জামরুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়ভাবে জানা যায়, তিনি যশোর শহরের বড়বাজারে সিটি গোল্ডের কারিগর হিসেবে কাজ করতেন এবং মাঝে মাঝে সোনা ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা আল আমিনের চোখে শুকনা মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত দুই দিন ধরে কয়েকজন ব্যক্তি সোনা কেনাবেচার কথা বলে আল আমিনকে বিরক্ত করে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরের পর তাকে পূর্ব বারান্দি পাড়া লিচুতলা এলাকার ওই সেগুনবাগানে ডেকে নিয়ে দুর্বৃত্তরা হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ও র্যাব-৬-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, সদর পুলিশ ফাঁড়ি সদস্য সহ পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে । কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

Leave a Reply