যশোরে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাবার খাইয়ে এক ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে যশোর ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোশারফ হোসেন (৩৫) যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার রজব আলীর ছেলে। তিনি ইজিবাইক চালান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
বিকেল সাড়ে ৫টার দিকে যশোর কোতোয়ালি থানার ধর্মতলা মোড় থেকে চারজন যাত্রী নিয়ে বাইপাস হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন মোশারফ।
পথে যশোর ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়া কলেজের সামনে পৌঁছালে যাত্রীবেশী ব্যক্তিরা রুটির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে খেতে দেন বলে অভিযোগ।রুটি খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে মোশারফ অচেতন হয়ে পড়েন।
এ সুযোগে তার ইজিবাইক নিয়ে ওই ব্যক্তিরা পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
পরিবারের সহায়তায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ঘটনার বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply