গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই আহ্বানকে সামনে রেখে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান।
বৃহস্পতিবার দিনব্যাপী বাঘারপাড়া উপজেলায় বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন, নতুন স্থাপনার উদ্বোধন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।
দিনের শুরুতে জেলা প্রশাসক আশেক হাসান বাঘারপাড়া থানা পরিদর্শন করেন। পরে তিনি বাঘারপাড়া নতুন পৌর পার্কের শুভ উদ্বোধন করেন।
একইসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবন এবং উপজেলা পুকুরের বাউন্ডারি নির্মাণ কাজ পরিদর্শন শেষে উদ্বোধন করেন। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভুপালি সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশেক হাসান বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, একটি গাছ শুধু আমাদের ছায়া দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন দেয়, মাটির উর্বরতা ধরে রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণকে শুধু একটি সরকারি কর্মসূচি হিসেবে দেখলে হবে না, এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা সফল করতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলে আমাদের উন্নয়নের পথ আরও সুগম হবে।
তিনি বলেন, শুধু চারা রোপণ করলেই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হবে না। প্রতিটি গাছকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। কোথায় কী ধরনের গাছ লাগানো হচ্ছে, সেটিও বিবেচনায় নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সড়কের পাশে, খোলা জায়গা ও বাড়ির আঙিনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আশেক হাসান বলেন, আজ যে চারা আমরা রোপণ করছি, তার সুফল হয়তো আমরা সবাই সমানভাবে ভোগ করতে পারব না। কিন্তু আগামী প্রজন্ম এই গাছের ছায়ায় দাঁড়াবে, ফল খাবে এবং নির্মল বাতাস পাবে। তাই বৃক্ষরোপণ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একটি বড় দায়িত্ব ও বিনিয়োগ।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নেওয়া প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। উন্নয়ন তখনই টেকসই হবে, যখন জনগণ উন্নয়ন কর্মকাণ্ডকে নিজেদের কাজ মনে করে এগিয়ে আসবে।
এ সময় তিনি ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে বলেন, আমরা সবাই মিলে কাজ করলে কোনো ভালো উদ্যোগই ব্যর্থ হবে না। উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মানুষের কল্যাণে আমাদের মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে। কারণ দেশের উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
তিনি বাঘারপাড়ার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সরকারি সম্পদ ও স্থাপনাগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ুর রহমান, বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আলিমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।দিনব্যাপী কর্মসূচিতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাঘারপাড়া গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ বৃক্ষের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষপ্রেম তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বক্তারা বলেন, একটি গাছ কেবল প্রকৃতির অংশ নয়, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
বাঘারপাড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী এ কর্মসূচিতে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply