চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে যশোরে অনশন ও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) শ্রমিকরা।
সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান ও বিদ্যুৎ ভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। এর আগে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি শিথিল করা হলেও দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা দাবি করেন, গত ১৫ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও কোনো আশ্বাস পাননি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, দীর্ঘ ১৮ থেকে ২০ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে ২১ জেলার প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সেবা দিয়ে আসছেন তারা।
শ্রমিকদের এক দফা এক দাবি হলো বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে ২১ জেলার লাইন সাহায্যকারীদের রাজস্ব খাতে চাকরি স্থায়ী করা।
দাবি আদায়ে যশোর দপ্তর থেকে অনশন ও কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আন্দোলনের বিষয়টি সরকার ও জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেছেন শ্রমিক নেতারা।

Leave a Reply