যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী লিপিকা রানী রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
শুক্রবার (১৪ আগস্ট) এক শোকবার্তায় উপাচার্য বলেন, লিপিকা রানী রায় ছিলেন যবিপ্রবির একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল প্রাক্তন শিক্ষার্থী। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন গুণী অ্যালামনাইকে হারিয়েছে। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, শিক্ষক ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, লিপিকা রানী রায় দীর্ঘদিন ধরে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত ১২ আগস্ট রাত ৮টার দিকে খুলনার সিটি মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লিপিকা রানী রায় কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইন্দুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পিতা মুকুন্দ মুরারী রায় এবং স্বামী অমৃত মন্ডল বাংলাদেশ পুলিশের একজন সার্জেন্ট। তাঁদের গ্রামের বাড়ি কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামে। মৃত্যুকালে তিনি তিন বছরের এক ছেলে সন্তান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এফএমবি বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও গভীর শোক প্রকাশ করেছে।

Leave a Reply