২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক,
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও সভাপতি, বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সিদ্দিকুল্লাহ। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু পরীক্ষার নম্বরের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তাদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ।
২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল আমাদের জন্য আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। কোথায় আমাদের সাফল্য, কোথায় ঘাটতি এবং কোন জায়গায় আরও উন্নতির প্রয়োজন তা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষকের আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিয়মিত তদারকি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে পরিচর্যা,
অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং আধুনিক ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আদর্শ চরিত্র ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে বলেন, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করি এবং শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হই,
তাহলে বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসাকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই আমাদের সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. সিদ্দিকুল্লাহ বলেন, দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনার মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পাঠদানে আরও মনোযোগী হওয়া এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি তিনি আহ্বান জানান।
সভায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, ফলাফল উন্নয়নের কৌশল, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিচর্যা, নিয়মিত ক্লাস ও মূল্যায়ন কার্যক্রম জোরদার এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত প্রদান করা হয়।



Leave a Reply