যশোরে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক চারটি হামলার ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে টাউন হল ময়দানে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে আহত এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,সকালে সদর উপজেলার চুরামনকাটি বাজার ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা দিয়ে যাওয়াকে কেন্দ্র করে ছাতিয়ানতলা গ্রামের আবিদ হাসান (২৫)ও বিজয়নগর এলাকার বাঁধন (১৮)-এর সঙ্গে ইমরান, সুজন, সাইদুরসহ ৪-৫ জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা পাইপ ও হাতুড়ি দিয়ে হামলা চালালে তারা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে কোতোয়ালি উপজেলার ভেকুটিয়া কলোনি মোড় এলাকা থেকে মাহিম(১৬) নামে এক কিশোরকে তুলে নিয়ে খোলাডাঙ্গার চৌধুরী বাড়ি এলাকায় মারধর করা হয়। তাকে উদ্ধার করতে গেলে আবির (১৯) নামের আরেক যুবকও হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, জাহিন মির্জা,আশা ও তাদের সঙ্গে থাকা আরও ৫-৭ জন মাহিম ও আবিরকে চাকুর বাট দিয়ে মাথায় আঘাত করে আহত করে। পরে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসকরা জানান, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
রাত ৯টার দিকে কোতোয়ালি উপজেলার চাঁচড়ার বকুলনগর এলাকায় মোবাইল ফোনে জুয়া খেলাকে কেন্দ্র করে মমিনুর রহমান (২২) নামে এক যুবকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজ্জাক, শাকিব, সাঈদ ও ফিরোজ লাঠিসোঁটা দিয়ে তার মাথায় আঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সবশেষে রাত সাড়ে ১০টার দিকে যশোর টাউন হল ময়দানে কনসার্ট চলাকালে নাচানাচির মধ্যে মেহেদী হাসান শাহিন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, শোয়েব নামে এক ব্যক্তি তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পৃথক এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply