যশোরের বাঘারপাড়ার বাসুয়াড়ির ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আলীমের বিরুদ্ধে এবার ঘুষের অভিযোগে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ৩ আগষ্ট উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামের আবু নিসার আলী স্থানীয় সরকারের যশোর জেলা উপপরিচালকের (ডিডিএলজি) কাছে অনলাইনে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় গত ৪ আগস্ট বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে কারন দর্শানো নোটিশ পাঠানো হয়েছে।
অভিযোগে জানা যায়, নিসার আলীর ছেলে আবু রায়হান ও রায়হান হোসাইন নামে দুইজনের জন্মনিবন্ধনের জন্য আবেদন করেন। নির্ধারিত সময়ের মধ্যে তা নিবন্ধিতও হয়। এরপর নিসার আলী নিবন্ধন সনদ পাওয়ার জন্য বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের প্রাসশানিক কর্মকর্তা (সচিব) আব্দুল আলিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি ২০হাজার টাকা দাবি করেন। এ ঘটনার প্রতিকার চেয়ে গত ৪ আগষ্ট ভূক্তভোগী নিসার আলী ডিডিএলজির দপ্তরে অনলাইনে অডিও রেকর্ডসহ অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে কর্মকর্তা আব্দুল আলিমকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, এর আগে আব্দুল আলীম যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়ন পরিষদে সচিব থাকাকলীন দায়িত্বে অবহেলার অভিযোগে গত ১২ মার্চ শো’কজ করেন তখনকার নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। শো’কজের জবাব সন্তোষজনক না হওয়ায় সেখান থেকে বদলি করা হয় আলীমকে। এরপর বাসুয়াড়ি ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাকুলা ইউনিয়নে সচিবের দায়িত্ব পালন করছেন।
অনুসন্ধানে আরও জানা যায়, উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মমতাজ সরদারের ছেলে আব্দুল আলিমের বিরুদ্ধে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে হত্যা চেষ্টাসহ জমি দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর একাধিক অভিযোগ রয়েছে। পুকুরিয়া গ্রামের ইউপি সদস্য (মেম্বার) পান্নু মিয়া জানান, আলিমের বিরুদ্ধে আদালতে ৯টি মামলা বিচারাধীন। চাকরির অবৈধ টাকায় প্রত্যেক সরকারের সময় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে চলেন। এ কারনে কাউকে পরোয়া করেননা।
এ বিষয়ে কথা বলতে ইউপি সচিবের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার এ বিষয়ে বলেন,‘ডিডিএলজি স্যারের ফরোয়ার্ড মোতাবেক অভিযোগকারীর সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর বাসুয়াড়ি ইউপির প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) কারন দর্শানো নোটিশ (শো’কজ) দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর বিধি অনুয়ায়ি ব্যবস্থা নেওয়া হবে’।

Leave a Reply