যশোরের চুড়ামনকাটি উত্তরপাড়া এলাকায় এক বৃদ্ধার বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও হামলার চেষ্টার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সামুস হাসনাত জামিল (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী আলেয়া বেগম (৬৪) অভিযোগ করেন, তার তিন ছেলে কর্মসূত্রে বাইরে থাকায় তিনি বাড়িতে একা বসবাস করেন। এই সুযোগে হাসনাত দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল।
প্রায় তিন মাস আগে অভিযুক্ত তার বাড়িতে ভাঙচুর চালিয়ে জানালার কাচ ভেঙে ফেলে। পরে স্থানীয়ভাবে সালিশ হলেও অভিযুক্ত সেই সিদ্ধান্ত মানেননি।
এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে হাসনাত কয়েকজন সহযোগীকে নিয়ে বৃদ্ধার বাড়িতে প্রবেশ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টা ১০ মিনিটে চুড়ামনকাটি এলাকা থেকে হাসনাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

Leave a Reply