যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, জুলাই আন্দোলনের অর্জিত স্বাধীনতার সুফল দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বৈষম্য, অন্যায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব।
তিনি বলেন, জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একটি রাজনৈতিক দলের একক পরিকল্পনায় পরিচালিত হয়নি। এ আন্দোলনের প্রতিটি সংগ্রামী ছিলেন একেকজন মাস্টারমাইন্ড। অথচ যারা আন্দোলনের কঠিন সময়ে মাঠে ছিলেন না, তাদের কেউ কেউ এখন নিজেদের এই আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ইতিহাস এমন দাবি কখনো গ্রহণ করবে না।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় যশোরের বাঘারপাড়া উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, জুলাইয়ের দিনগুলো ছিল সংগ্রাম, ত্যাগ ও আত্মবিশ্বাসের দিন। অসংখ্য তরুণ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন। অনেকেই আত্মগোপনে থেকেছেন, কেউ কেউ স্বজনদের কাছ থেকেও আশ্রয় পাননি। কিন্তু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তারা একচুলও পিছু হটেননি। সেই আত্মত্যাগকে সম্মান জানানো রাষ্ট্র ও জাতির নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আন্দোলনের যোদ্ধাদের অবদান কোনোভাবেই খাটো করা যাবে না। তাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করতে হবে রাষ্ট্রীয় উদ্যোগে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন জাতির গৌরবের ইতিহাস, তেমনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসও সত্যনিষ্ঠভাবে লিপিবদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্ত না হয়ে প্রকৃত ইতিহাস জানতে পারে।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ শুধু একটি স্লোগান হয়ে থাকলে চলবে না। এর বাস্তব প্রতিফলন ঘটাতে হলে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও সমঅধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে কথার চেয়ে কাজের গুরুত্ব অনেক বেশি।
তিনি বলেন, ক্ষমতা নয়, জনগণের কল্যাণই হোক রাজনীতির মূল উদ্দেশ্য। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি মানবিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই এই আন্দোলনের অর্জিত স্বাধীনতার সুফল দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল আলিম।
এ সময় বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, বাঘারপাড়া পৌর মেয়র প্রার্থী মতিউর রহমান, পৌর আমির সিদ্দিকুর রহমান, জামায়াত নেতা আব্দুল হক, মাওলানা আমানুল্লাহ,
যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি মিনারুল ইসলাম এবং বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply