ঝিকরগাছা উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচী বাস্তাবায়নকারী এনজিও সুশীলনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিসার বরাবর একাধিক লিখিত প্রতিবেদনের মাধ্যমে জেলা কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এনজিও কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও কর্ণপাত করেনি এনজিও কর্তৃপক্ষ সুশীলন।
ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমান স্বাক্ষরিত ১৮ এপ্রিল, ২১মে,৩০জুলাই প্রতিবেদন সুত্রে এ সব অনিয়মের তথ্য জানাগেছে।প্রতিবেদন গুলোতে এসব অভিযোগ ও মাঠপর্যায়ের বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে।
উপজেলার ১৩১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড-ডে মিল কর্মসূচিতে সুশীলন বন রুটি,কলা ও ডিম সরবরাহ করে থাকে। কলা ও ডিমের নির্ধারিত ওজন না থাকা, নিম্নমানের বনরুটি, নির্ধারিত সময়ের আগেই খাদ্য সামগ্রী বিদ্যালয় পৌঁছে দেওয়া সহ সরবরাহকৃত খাদ্যে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ।
চিঠিতে উল্লেখ করা হয়, মিড ডে মিল কর্মসূচিতে শুরু থেকেই খাদ্যসামগ্রী সরবরাহ ও বিতরণে নানা অনিয়ম পরিলক্ষিত হচ্ছে।
অভিযোগের মধ্যে রয়েছে, বিদ্যালয়ে সরবরাহ করা প্যাকেটের গায়ে মেয়াদ উল্লেখ থাকলেও কোনো কোনো প্যাকেটের পাউরুটি নিম্নমানের, রং পরিবর্তিত ও দুর্গন্ধযুক্ত ফাঙ্গাস বলে অভিযোগ পাওয়া গেছে।
চিঠিতে আরও বলা হয়, সরকারি বিধি অনুযায়ী সরবরাহ করা প্রতিটি কলার ওজন ১০০ গ্রাম হওয়ার কথা। কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে সরবরাহ করা কলার ওজন মাত্র ৬০ থেকে ৭০ গ্রামের মধ্যে পাওয়া যাচ্ছে। পাশাপাশি নির্ধারিত তারিখের বিতরণের দিনের ৩/৪ দিন আগেই অধিকাংশ বিদ্যালয়ে কলা পৌঁছে দেওয়া হচ্ছে ,এতে কলা নষ্ট হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
এ ছাড়া ডিম সরবরাহের ক্ষেত্রেও নির্ধারিত মান ও আকার বজায় না রাখার অভিযোগ উঠেছে। চিঠিতে বলা হয়, অনেক বিদ্যালয়ে সরবরাহ করা ডিমের মান ও আকার নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে খাদ্যসামগ্রী বিদ্যালয়ে পৌঁছে দেওয়া, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনাতেও অনিয়মের অভিযোগ করা হয়েছে।
চিঠিগুলোতে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রীর মান নিশ্চিত করা, নির্ধারিত ওজন ও মান বজায় রাখা এবং অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে এনজিও সুশীলনের প্রোগ্রাম অফিসার আব্দুর রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা সরকারের নীতিমালা মেনেই মিড ডে মিল’র খাবার সরবরাহ করে থাকি। প্রথম দিকে ত্রুটি বিচ্যুতি থাকলেও বর্তমান কোন ত্রুটি বিচ্যুতি নাই। আমরা অত্যন্ত সতর্কতা ও আন্তরিকতার সাথে কোমলমতি শিশুদের এ সকল খাবার বিতরণ করছি।

Leave a Reply