যশোরের কেশবপুরে সড়কের ওপর ফেলে রাখা পাথরের কারণে একই স্থানে দুই দফায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) রাত পৌনে ৮টা ও রাত ৯টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের আলতাপোল গোলাঘাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের আবুল গাজী (৪০), চুকনগর এলাকার আসাদুজ্জামান (৩৫) এবং যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রাম এলাকার ইকরামুল বিশ্বাস (৩৫)।
পুলিশ জানায়, রাস্তার নির্মাণকাজের জন্য ঠিকাদারের ফেলে রাখা পাথর দেখতে না পেয়ে প্রথমে আবুল গাজী ও আসাদুজ্জামান বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। পরে একই স্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে ইকরামুল বিশ্বাস আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল গাজী ও আসাদুজ্জামানের অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ইকরামুল বিশ্বাস কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় কেশবপুর থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Leave a Reply