নাশকতা মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিখিল কুমার আঢ্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে কমলাপুর বাজারের এক চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। নিখিল উপজেলার ভাঙ্গুড়া আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে খাজুরার ভাটার আমতলায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৪ সালে ডিসেম্বার মাসে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। এতে উপজেলা আওয়ামীলীগের ৩০৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
মামলার তদন্তে সন্দেহভাজন আসামী নিখিল কুমার আঢ্যর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানান থানা পুলিশ। এরপর মঙ্গলবার রাতে বাড়ির পাশের এক চায়ের দোকান থেকে ভিটাবল্লা ফাড়ির পুলিশ তাকে আটক করে।
বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী নিখিল অঢ্যকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply