যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হয়েছেন এক গর্ভবতী নারী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ব্লাড ব্যাংক ও ইসিজি বিভাগের সামনে ভিড়ের মধ্যে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৫ হাজার টাকা চুরি হয়ে যায়।
ভুক্তভোগী পারভীনা (২৫) যশোর সদর উপজেলার মালিয়াট গ্রামের আব্দুস সালামের কন্যা। তিনি গাইনি বিভাগের বহির্বিভাগে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ১১৩ নম্বর কক্ষে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর লেবার ওয়ার্ডের দিকে যাওয়ার সময় ব্লাড ব্যাংক ও ইসিজি বিভাগের সামনে ভিড়ের মধ্যে অজ্ঞাত চোর তার ব্যাগ থেকে ৫ হাজার টাকা কৌশলে চুরি করে পালিয়ে যায়।
পরে ব্যাগ খুলে টাকা না পেয়ে পারভীনা কান্নায় ভেঙে পড়েন। তিনি হাসপাতালে টহলরত পুলিশ সদস্যদের বিষয়টি জানালেও তাৎক্ষণিকভাবে চোরকে শনাক্ত বা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। পারভীনা জানান, অনেক কষ্টে জোগাড় করা চিকিৎসার ওই টাকাই ছিল তার সম্বল।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, গত কয়েকদিন ধরে জরুরি বিভাগ,বহির্বিভাগ ও টিকিট কাউন্টার এলাকায় দালাল ও চোরচক্রের তৎপরতা বেড়েছে। এতে রোগীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি এবং চোরচক্র দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

Leave a Reply