যশোরের বাঘারপাড়া বণিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার বিকেলে বাঘারপাড়া উপজেলা পাইলট সরকারি বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ম্যাচটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালি সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ভূপালি সরকার বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, সহমর্মিতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। ব্যবসায়ী সমাজের এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া বণিক সমিতির সভাপতি মশিউল আযম। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাকেব। সহযোগিতায় ছিলেন ছাত্রদল নেতা সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌরসভার মেয়র আব্দুল হাই মনা বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, বণিক সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদিন,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মাসুদ আলম টিপুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। খেলা শুরুর আগে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
নির্ধারিত সময়জুড়ে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও কোনো দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ০-০ গোলের সমতায় শেষ হয়।

মাঠজুড়ে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি। পুরো ম্যাচে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান,
ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply