যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া এলাকায় ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব-২০২৬।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় নারিকেলবাড়ীয়া জগন্নাথ বাড়ী প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও র্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শোভাযাত্রায় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোর এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
জগন্নাথ বাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি ও কীর্তনের সুরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
রঙিন ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় প্রতীক বহন করে অংশগ্রহণকারীরা রথযাত্রার ঐতিহ্য ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মশিয়ূর রহমান।
নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লস্করের সভাপতিত্বে এবং তপন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান ও সাবেক ছাত্রদল সভাপতি ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মশিয়ূর রহমান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি,
ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানবকল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। আয়োজকদের মতে, স্থানীয় প্রশাসন,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকাবাসীর সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
রথযাত্রা মহোৎসব উপলক্ষে দিনব্যাপী বিশেষ পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।



Leave a Reply