যশোরের কেশবপুর উপজেলার সাগরদত্তকাঠি গ্রামে জমিজমার সীমানা নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সুশান্ত মন্ডল, অমিত মন্ডল, মান্দার মন্ডল, দুলাল মন্ডল, স্বপ্না রানী মন্ডল ও অনিমা মন্ডল। তাদের সবাই সাগরদত্তকাঠি গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তারা বর্তমানে শঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের পরিবারের সঙ্গে একই গ্রামের নুর ইসলাম ও তার স্বজনদের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে সুশান্ত মন্ডলকে মারধর করে রক্তাক্ত জখম করেন। এ সময় অন্যদেরও মারপিট করে আহত করা হয়।
এ ঘটনায় রফিকুল ইসলাম, নুর ইসলাম, রনি ইসলাম, আজহারুল ইসলাম, সুমন সরদার, বাদশা সরদার ও মমতাজ বেগমের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোসাম্মাৎ রোকসানা খাতুন।

Leave a Reply