তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু বক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. হাসান তারেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ জ্যোতি ঘোষ এবং বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির।
এছাড়া উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সেবাদানকারী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সরকারের পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, সুপরিকল্পিত পরিবার গঠন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হলে একটি সুস্থ, সচেতন ও উৎপাদনশীল জাতি গড়ে তোলা সম্ভব। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও মাঠকর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভা, মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঘারপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।

Leave a Reply