যশোরের ঝিকরগাছা ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রথম ঘটনাটি ঘটে শনিবার (১১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার নোয়ালি বাজার পার হয়ে আব্দুল আলীমের বাড়ির সামনে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মারুফ (১৯) নামে এক যুবক নিহত হন এবং লাবিব (১৯) নামে অপর এক যুবক গুরুতর আহত হন।
নিহত মারুফ জাকির হোসেনের ছেলে এবং আহত লাবিব জামাল হোসেনের ছেলে। তারা দুজনই নোয়ালি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। আহত লাবিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে, রোববার (১২ জুলাই) বিকেলে যশোর সদর উপজেলার পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদা বাজার ও কলেজ মোড়ের মাঝামাঝি এলাকায় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় ওসমান মোল্লা (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হন। তিনি সদর উপজেলার চাচড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের জোনাপ আলী মোল্লার ছেলে।
জানা যায়, ভ্যানে করে রাজগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply