একদিনের ভারী বৃষ্টিতে যশোরের ঝিকরগাছা পৌরসভা সহ উপজেলার ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ।
পৌরসভার প্লাবিত অঞ্চলের অধিবাসীরাও রয়েছে চরম দুর্ভোগে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার দুর্বিষহ জীবনযাপন করছেন। এছাড়া বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ঝিকরগাছা পৌরসভার ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, শিমুলিয়া, গদখালী, পানিসারা, ঝিকরগাছা সদর, নাভারণ, নির্বাসখোলা, হাজিরবাগ,
শংকরপুর ও বাঁকড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে কৃষিজমি, মাছের ঘের এবং বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
১০ জুলাই শুক্রবার বিকেলে সরেজমিনে ঘুরে দেখাগেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শান্তি নগর,৫ নম্বর ওয়ার্ডের পৌর কবরস্থান ও হঠাৎপাড়া,
৬ নম্বর ওয়ার্ডের সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজ ৭ নম্বর ওয়ার্ডের পারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠ পানিতে তলিয়ে রয়েছে।
৪নং ওয়ার্ডের শিক্ষকপাড়া, পূজা মন্দির এলাকা ও বিএম হাইস্কুল মাঠ পানিতে তলিয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয় ঝিকরগাছা পৌর সদরের কলেজপাড়ার বাসিন্দা ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ঐ এলাকার কয়েকশো পরিবার পানিবন্দী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ’র কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে প্লাবিত অঞ্চল থেকে কয়েকটা অভিযোগ পেয়েছি।
পানি দ্রুত নিষ্কাশনের জন্য ইতিমধ্যে কয়েকটা টিম গঠন করা হয়েছে। অতি দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব হবে বলে তিনি আশা করেন।
এ দিকে পৌর নির্বাহী সন্তোষ কুমার হাজরা বলেন, পৌর কর্মচারীরা বন্ধ থাকা ড্রেনের মুখ পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। শনিবার থেকে আরো জোরালো ভাবে পানি নিষ্কাশনের কাজ করা হবে।






Leave a Reply