ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে যশোরের এক কলেজছাত্রীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি অনলাইন প্রতারক চক্রের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী যশোর সরকারি এমএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি যশোর আইটি পার্কের একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ মে সকালে বাড়িতে অবস্থানকালে তিনি ফেসবুকে একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মের নামে ‘ঘরে বসে আয়’–সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখতে পান।
বিজ্ঞাপনে থাকা লিংকে প্রবেশ করলে প্রতারক চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে। পরে তাকে টেলিগ্রামে যুক্ত হতে বলা হয়। সেখানে বিভিন্ন অনলাইন কাজ সম্পন্ন করলে কমিশন দেওয়ার আশ্বাস দিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে টাকা নেওয়া শুরু হয়।
ভুক্তভোগীর অভিযোগ, গত ৩ জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং স্থানীয় কয়েকটি দোকানের মোবাইল ব্যাংকিং নম্বর ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়। প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি পর্যায়ক্রমে একাধিক নম্বরে মোট ১ লাখ ৪৫ হাজার ৪৯৫ টাকা পাঠান।
এরপর প্রতারকরা জানায়, ভুল অঙ্ক উত্তোলনের কারণে আরও ৫৬ হাজার ৮১৩ টাকা জরিমানা দিতে হবে। এতে তার সন্দেহ হলে তিনি পাঠানো টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে প্রতারকরা তাকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে প্রতারক চক্রের সদস্যদের খুঁজে না পেয়ে ভুক্তভোগী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply