যশোর ও কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকালে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সকালে ১০টার দিকে কেশবপুর উপজেলার গোপালপুর তেল পাম্পের সামনে অজ্ঞাত একটি নসিমনের ধাক্কায় ভ্যানযাত্রী আবু বক্কর সিদ্দিক (৬০) গুরুতর আহত হন। তিনি কেশবপুর উপজেলার ঘোপসোনা ইউনিয়নের মেহেরপুর গ্রামের বাসিন্দা।
চিকিৎসকের কাছে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।
অপরদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমরিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি প্রাইভেটকারের ধাক্কায় অলিউল্লাহ সরদার (৬৫) আহত হন।
তিনি ডুমরিয়া গ্রামের ফজলে করিমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, নিজ বাড়ি থেকে নতুনহাটে অবস্থিত তাদের জৈব সার কারখানায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা অলিউল্লাহ সরদারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply