জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং দেশে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে যশোরের বাঘারপাড়ায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দ্রুত জনগণের দাবি পূরণ না হলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, টানা ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছিল অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে। সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন, যেখানে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি হবে না।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন আশায় বুক বেঁধেছিল। তারা ভেবেছিল স্বাধীনভাবে মত প্রকাশ, নিরাপদে চলাফেরা এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ এখনো নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা আগের মতোই বহাল রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, গুম কমিশন ও পুলিশ কমিশন বাতিলের মাধ্যমে প্রশাসনিক কাঠামোকে আরও বেশি দলীয় প্রভাবের আওতায় নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে জনগণের আস্থা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে প্রতিটি নাগরিক শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। পাশাপাশি গণভোটের রায় দ্রুত কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করা সময়ের দাবি। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের ভোটের রায় বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের সেই রায় উপেক্ষা করা হলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী নতুন করে গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, এনসিপির বাঘারপাড়া উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাঘারপাড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মতিউর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।
সেই আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করতে হলে জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে গণভোটের রায় কার্যকর করতে হবে এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

Leave a Reply