যশোরের অভয়নগরের ধলিরগাতি গ্রামের রিয়াজুল ইসলাম হত্যা মামলার এজাহারে বাদ পড়া তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার নিহতের মা রূপভান বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানায় দায়ের করা হত্যা মামলার শেষ আদেশ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুন রাত ১০টার দিকে অভয়নগরের ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ববিরোধের জেরে রিয়াজুল ইসলামের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।
হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ১৭ জুন ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তবে অভিযোগে বলা হয়েছে,
হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও আলমগীর, একরাম ও ইমামুলের নাম অনিচ্ছাকৃতভাবে মূল এজাহারে অন্তর্ভুক্ত হয়নি। পরে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে নিহতের মা আদালতে এ মামলা করেন।

Leave a Reply