এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যাকাণ্ডের বিচার, মামলার দ্রুত নিষ্পত্তি এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার প্রেসক্লাব যশোর, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শাম্মী হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
বক্তারা বলেন,
একজন মেধাবী শিক্ষার্থীর নির্মম মৃত্যু তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা বিচারহীনতার সুযোগ না রেখে দ্রুত,
নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শাম্মী হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply