আজ ২৮ জুন রোববার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ইতিমধ্যে যশোর জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার ৬টি উপজেলা ও যশোর পৌরসভায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে যশোর সিভিল সার্জন কার্যালয়ে ইতিমধ্যে সাংবাদিকদের সাথে সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ রোববার সকাল ৯ টায় উপশহর শিশু হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে।
মতবিনিময় সভায় জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকায় মোট ২ হাজার ৩শ’ ১টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২শ’ ৫৬টি স্থায়ী কেন্দ্র, ৩০টি আউটরিচ কেন্দ্র,
৬টি অতিরিক্ত কেন্দ্র এবং ৯টি মোবাইল/ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে। কর্মসূচি পরিচালনায় ১ হাজার ৩৮ জন সরকারি কর্মী, ৪ হাজার ৪শ’ ৭৯ জন স্বেচ্ছাসেবকসহ ৫ হাজার ২শ’ ১৭ জন কর্মী দায়িত্ব পালন করবেন।
লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৬শ’ ১২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬শ’ ৫২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে যশোর সদর উপজেলায় ৫৩ হাজার, মণিরামপুরে ৫৪ হাজার, ঝিকরগাছায় ৩৮ হাজার ৫০০,
চৌগাছায় ৩৫ হাজার, কেশবপুরে ২৮ হাজার ৭০, বাঘারপাড়ায় ২৮ হাজার ৪শ’ ১২ এবং যশোর পৌরসভায় ২৪ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া, যশোর সদর উপজেলায় ৫টি মোবাইল/ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল, শিশু হাসপাতাল (বসুন্দিয়া), এফপিআই উপশহর, সেনাবাহিনী ও বিমানবাহিনী ক্যাম্প। এছাড়া,যশোর পৌরসভায় রেলস্টেশন, বাস ষ্ট্যান্ড,
যশোর কেন্দ্রীয় কারাগার ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালিত হবে। যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জেলার সকল অভিভাবককে নির্দিষ্ট কেন্দ্রে নির্ধারিত সময়ে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, ভিটামিন এ শিশুর দৃষ্টি শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply