যশোরের চৌগাছা ও বাঘারপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক কিশোর ও একজন যুবকের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা সদর ইউনিয়নের দীঘলসিঙ্গা গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় সজীব (১৫)। সে ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
জানা যায়, চৌগাছা বাজার থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে এক অজ্ঞাত পথচারীর সঙ্গে ধাক্কা লাগে।
তে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
একই দিন সকাল ১০টার দিকে চৌগাছা উপজেলার দীঘলসিঙ্গা গ্রামের মণ্ডলপাড়া মসজিদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদা গ্রামের জয়নাল বিশ্বাস (৭০)।
তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে শুক্রবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃদ্ধ নিহতের ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল হোসেন।
অপরদিকে,
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন।
আহতরা হলেন বাঘারপাড়ার ইছালী ইউনিয়নের গাওঘাড়া গ্রামের হুমায়ুন (৩০), যশোর সদর উপজেলার রাজাপুর এলাকার রিফাত (১৭) ও আব্দুল্লাহ (২২)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে হুমায়ুনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুইজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply