যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় বৃহস্পতিবার (২৫ জুন) পৃথক দুটি নৃশংস ঘটনা ঘটেছে। ঝিকরগাছায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন।
অন্যদিকে চৌগাছায় ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
পুলিশ জানায়,
সকাল সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে পূর্বপরিচিত ভ্যানচালক মতলেব আলী (৫৫)-এর বিরুদ্ধে।
প্রতিবেশীর চিৎকারে কিশোরীর মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে বিবস্ত্র ও বিপর্যস্ত অবস্থায় দেখতে পান। পরে ভুক্তভোগীর মা আমেনা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মতলেব আলীকে আটক করে। ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে চৌগাছা পৌর এলাকার চানপুর বটতলা এলাকায় ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে শুকুর আলী (৪২) ধারালো দা দিয়ে শফিকুল ইসলাম হৃদয় (৪২)-কে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ।
স্থানীয়রা আহত হৃদয়কে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, দুই ঘটনাতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত চলছে।

Leave a Reply