বহুল আলোচিত যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের নির্বাচন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রার্থীদের অভিযোগ, প্রশাসনিক নির্দেশনা এবং হাইকোর্টের অন্তর্বর্তী আদেশের প্রেক্ষাপটে নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন পরিচালনা পরিষদ।
প্রেসক্লাব সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভাপতি পদপ্রার্থী ইকবাল কবির গত ১৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ভূপালী সরকারের কাছে লিখিতভাবে নির্বাচন স্থগিতের আবেদন করেন। আবেদনে তিনি নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য এ এইচ এম আজিজুল ইসলাম ও আজম আলী খাঁনের বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ উত্থাপন করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৩ জুন নির্বাচন পরিচালনা পরিষদের কাছে একটি পত্র পাঠান। ওই পত্রে প্রেসক্লাবের গঠনতন্ত্র ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
পরে নির্বাচন পরিচালনা পরিষদ জরুরি সভা করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিতের নোটিশ জারি করা হয়।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী ইকবাল কবির গত ২১ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক,
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঘারপাড়া প্রেসক্লাব নির্বাচন পরিচালনা পরিষদ, সভাপতি পদপ্রার্থী ফরিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবিরকে বিবাদী করা হয়।
রিটের ওপর ২২ জুন শুনানি শেষে হাইকোর্ট সভাপতি পদপ্রার্থী ফরিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবিরের প্রার্থিতার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।
আদালতের এ আদেশ নির্বাচন প্রক্রিয়ায় নতুন জটিলতা সৃষ্টি করে।নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য এ এইচ এম আজিজুল ইসলাম ও আজম আলী খাঁন বলেন,
একজন সভাপতি পদপ্রার্থী নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে না বলে অভিযোগ করেছেন। অভিযোগ, প্রশাসনিক নির্দেশনা এবং সংশ্লিষ্ট আইনগত বিষয় পর্যালোচনার পর নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সব মিলিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে বাঘারপাড়া প্রেসক্লাবের বহু প্রতীক্ষিত নির্বাচন। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নতুন কোনো তফসিল ঘোষণা করা হয়নি। ফলে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।

Leave a Reply